যশোরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা আটক

 প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন   |   খুলনা

যশোরে অস্ত্র ও মাদকসহ যুবদল নেতা আটক

খুলনা ব্যুরো :

যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার দুপুরে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম স্থানীয় তাইজুল ইসলামের ছেলে। তিনি নিজেকে নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে পরিচয় দিয়েছেন।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি টিম বিরামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও সম্ভাব্য অপরাধচক্রের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা জানান, বর্তমানে যুবদলের কোনো ওয়ার্ড কমিটি নেই। আটক ব্যক্তি দলের কেউ কি না তা যাচাই করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

স্থানীয় সূত্রের দাবি, আটক রবিউলের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তার আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

Advertisement
Advertisement
Advertisement