খুলনায় ধান সংগ্রহ কমিটি নিয়ে বিতর্ক, ডিসির আপত্তিতে ফাইল ফেরত
খুলনা ব্যুরো :
খুলনায় চলতি বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা কমিটিতে কৃষক প্রতিনিধি হিসেবে রাজনৈতিক পরিচয়সম্পন্ন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় আপত্তি জানিয়ে ফাইল ফেরত পাঠিয়েছেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকায় সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও তদারকির জন্য মে মাসের প্রথম সপ্তাহেই জেলা পর্যায়ে সংগ্রহ ও মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা ছিল।
নির্ধারিত সময় পার হওয়ার পর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আগের কমিটির কাঠামো অনুসরণ করে নতুন কমিটির একটি প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়। ওই প্রস্তাবে কৃষক প্রতিনিধি হিসেবে খুলনা মহানগর বাংলাদেশ আওয়ামী লীগ-এর সহসভাপতি মল্লিক আবিদ হোসেন কবির-এর নাম অন্তর্ভুক্ত করা হয়।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে রাজনৈতিক পরিচয় থাকা ব্যক্তিকে কৃষক প্রতিনিধি হিসেবে রাখা কতটা যৌক্তিক—তা নিয়ে প্রশ্ন ওঠে। পরে আপত্তি জানিয়ে ফাইলটি ফেরত পাঠানো হয়।
জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, তার সঙ্গে আলোচনা ছাড়াই পুরোনো কমিটির আদলে প্রস্তাব পাঠানো হয়েছিল। কৃষক প্রতিনিধি নিয়ে আপত্তি থাকায় ফাইলটি ফেরত দেওয়া হয়েছে। সময়মতো কমিটি গঠন না হওয়ায় তিনি অসন্তোষও প্রকাশ করেন।
এ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীর সঙ্গে সোমবার (১১ মে) দুপুরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রথমে ফোন রিসিভ করেননি। পরে ফোন ধরলেও ব্যস্ততার কথা জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন।
প্রশাসনিক সূত্র বলছে, সংশোধিত প্রস্তাবের মাধ্যমে দ্রুত কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে।