সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু প্রধান "মেজ জাহাঙ্গীর" আটক

 প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু প্রধান "মেজ জাহাঙ্গীর" আটক

মাসুদ আল হাসান,খুলনা :

সুন্দরবনে দস্যু দমনে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনে বনদস্যু নির্মূলে চলমান “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজিএস তৌহিদ জাহাজের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফের নেতৃত্বে আভিযানিক দল সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বনদস্যু প্রধান মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বনের একটি আস্তানা থেকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটক জাহিদুল ইসলাম নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং মৎস্য সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ জানান, সুন্দরবনে দস্যু তৎপরতার বিরুদ্ধে কোস্ট গার্ড ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালিয়ে যাচ্ছে। বনদস্যু ও তাদের সহযোগীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিকে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement
Advertisement
Advertisement