বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
বাগেরহাটে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
বাগেরহাট জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে সভার আয়োজন করে। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা. সাদেকুল ইসলাম, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর-এর সহকারী পরিচালক মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বাগেরহাটে শিশুশ্রম নিরসনে নিয়মিত সভা আয়োজন, শিশুশ্রমের হটস্পট চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।