রূপসায় চেয়ারম্যানকে হুমকির অভিযোগে বিএনপি নেতা সমালোচনায়
খুলনা ব্যুরো :
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে উন্নয়ন কাজের অর্থের ভাগ দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস ইউনিয়ন পরিষদে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থের অর্ধেক দলীয় নেতাদের দিতে হবে বলে দাবি করেন। এতে আপত্তি জানালে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গালিগালাজ করেন এবং ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে চেয়ারম্যানকে হুমকি দেওয়া ও উত্তেজনাকর আচরণের দৃশ্য ও শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী আজিজুল ইসলাম নন্দু অভিযোগ করে বলেন, উন্নয়ন তহবিলের টাকা থেকে নিয়মিত ভাগ দাবি করা হচ্ছিল। প্রতিবাদ করায় তার ওপর চড়াও হওয়া হয় এবং একাধিকবার মারধরের চেষ্টা করা হয়েছে। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্থানীয় ওই নেতার বক্তব্য পাওয়া যায়নি।রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, বিষয়টি ফোনে জানানো হয়েছে; তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।