কুয়েটে ওয়েব কন্টেন্ট ও ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মাসুদ আল হাসান,খুলনা :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। এ ধরনের প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সময়োপযোগী করে তুলবে। ওয়েব কন্টেন্টের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিয়মিত তথ্য হালনাগাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেশ-বিদেশে আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
উপাচার্য আরও বলেন, ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা যাবে, যা প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ প্রশিক্ষণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্মার্ট বিশ্ববিদ্যালয় গঠনের পথে কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট্রাল কম্পিউটার সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার।
কর্মশালার প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টার ও আইসিটি সেলের বিশেষজ্ঞ দল। এতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব কন্টেন্ট হালনাগাদ এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থাপনা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।