খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

মাসুদ আল হাসান ,খুলনা :

খুলনা বিভাগে আগামীকাল ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ১০ মে ২০২৬ পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এ উপলক্ষে রোববার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক। 

তিনি বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ক্যাম্পেইনে যেন কোনো শিশু টিকাদান থেকে বাদ না পড়ে।

তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়, তবে এতে ভয়ের কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে হবে। হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সফল করতে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে শুক্রবারের খুতবাহসহ বিভিন্ন নামাজের আগে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। সভায় হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোঃ আরিফ।

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য বিভাগজুড়ে ১৪ হাজার ৯৩৬টি টিকাকেন্দ্রে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং সাত হাজার ৭৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।

ক্যাম্পেইন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের অভিভাবকরা vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে পারবেন। তবে জন্মনিবন্ধন না থাকলেও শিশুদের টিকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

আগামীকাল সকাল সাড়ে ৯টায় খুলনার ফুলবাড়ি গেট বক্ষ্মব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।#

Advertisement
Advertisement
Advertisement