সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আটক ২
খুলনা ব্যুরো :
সাতক্ষীরার সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টা ৪৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে আঃ সামাদ (৪১) ও মোঃ আনিসুর রহমান (৪০) নামে দুই ব্যক্তিকে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃতরা হাড়দ্দাহ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।