খুলনায় আনসার-ভিডিপি ঋণ কেলেঙ্কারি, ৩৩ কর্মকর্তা খেলাপি

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় আনসার-ভিডিপি ঋণ কেলেঙ্কারি, ৩৩ কর্মকর্তা খেলাপি

খুলনা ব্যুরো :

খুলনায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ কার্যক্রমে বড় ধরনের খেলাপির ঘটনা ধরা পড়েছে। ব্যাংকের হিসাব অনুযায়ী, বাহিনীর ৩৩ জন কর্মকর্তা বর্তমানে ঋণ খেলাপি হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের কাছে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৪ লাখ ৯৭ হাজার টাকা।

ব্যাংক সূত্র জানায়, “একটি বাড়ি একটি খামার”সহ বিভিন্ন ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় গত ১৭ বছরে খুলনা শাখা থেকে মোট ২৯১ জন সদস্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ করেন। ঋণের সুবিধা নিয়েছিলেন সিপাহি থেকে শুরু করে নায়েক, হাবিলদার ও সুবেদার পর্যায়ের কর্মকর্তারা।

তবে ঋণ গ্রহণের পর একটি বড় অংশ নির্ধারিত সময়ে কিস্তি পরিশোধ না করায় তাদের খেলাপি হিসেবে তালিকাভুক্ত করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে একাধিকবার নোটিশ দিলেও অধিকাংশ ঋণগ্রহীতা সাড়া দেননি।

এদিকে কিছু ঋণগ্রহীতার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের খুলনা শাখা ব্যবস্থাপক জানিয়েছেন, খেলাপি ঋণ আদায়ে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বেতন বন্ধসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে ব্যাংকের আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এ শাখার মাধ্যমে প্রায় ১ হাজার ৭৯৫ জন আমানতকারীর মূলধন হিসেবে জমা রয়েছে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।

ঋণ বিতরণ ও পরবর্তী খেলাপির এ ঘটনায় ব্যাংকিং শৃঙ্খলা ও অভ্যন্তরীণ তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement