খুলনা বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিতে নতুন নিয়ম, চালু হলো দক্ষতা পরীক্ষা

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে পদোন্নতিতে নতুন নিয়ম, চালু হলো দক্ষতা পরীক্ষা

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জ্যেষ্ঠতার পাশাপাশি মেধা ও দক্ষতাকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো ‘দক্ষতা উন্নয়ন পরীক্ষা’ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)-এর উদ্যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, পদ সংশ্লিষ্ট ব্যবহারিক এবং কম্পিউটার টাইপিং—এই তিন ধাপে প্রার্থীদের দক্ষতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণদের বোর্ডের সুপারিশের ভিত্তিতে পদোন্নতি বা আপগ্রেডেশন দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদোন্নতি দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতার ভিত্তিতে হয়ে আসলেও খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষতা ও কর্মদক্ষতাকে মূল্যায়নের মাধ্যমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, আইকিউএসসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, দক্ষতা যাচাইয়ের মাধ্যমে যোগ্য ও মেধাবীরা যথাযথ স্বীকৃতি পাবেন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে উচ্চশিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Advertisement
Advertisement
Advertisement