বাগেরহাটে সেতুর কাজে ধীরগতি , ক্ষোভে মানববন্ধন

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে সেতুর কাজে ধীরগতি , ক্ষোভে মানববন্ধন

মাসুদ আল হাসান, খুলনা :

বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া–লক্ষ্মীখালী খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়েও শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেতু নির্মাণ বন্ধ থাকায় ঝুঁকিপূর্ণ কাঠের পোল দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

এ পরিস্থিতিতে ঠিকাদারের চুক্তি বাতিল করে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বারাকপুর বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, সরকারি অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও দৃশ্যমান কাজ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিল উত্তোলন করেছে। ফলে নড়বড়ে কাঠের পোল ব্যবহার করতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম বলেন, পোলটির দুই পাশে শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীসহ অন্তত ২০টি গ্রামের মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করছেন। দ্রুত সেতু নির্মাণ না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, প্রায় ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত সময় ১২ এপ্রিল পেরিয়ে গেলেও কাজের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ইতোমধ্যে আংশিক বিল উত্তোলন করেছে।

সদর উপজেলা প্রকৌশলী এস এম হাসান ইবনে মিজান জানান, কাজের ধীরগতির বিষয়ে ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। চুক্তি বাতিলের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে।

Advertisement
Advertisement
Advertisement