সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের ভূমিকা জরুরি: প্রধান তথ্য অফিসার
খুলনা ব্যুরো :
খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে শনিবার (১৮ এপ্রিল) সকালে তথ্য অধিদফতরের আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় সরকারের নির্বাচনি ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী। তিনি বলেন, সরকার গঠনের দুই মাসের মধ্যেই জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চালু করা হয়েছে এবং কৃষি ঋণ মওকুফে ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন। ইতোমধ্যে ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছেছে এবং ১৫টি উপজেলায় শতভাগ কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের সম্মানি ও উৎসব ভাতা চালু, ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং হজ ব্যবস্থাপনায় ব্যয় কমানো হয়েছে। হামের প্রকোপ মোকাবেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশ নারী।
সভায় বক্তারা বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। তথ্য অধিদফতর ইতোমধ্যে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম শুরু করেছে বলেও জানানো হয়।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য অধিদফতর ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।