সংবাদ শিরোনাম

বাগেরহাটে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন   |   খুলনা

বাগেরহাটে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি

খুলনা ব্যুরো :

বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ৮ দলীয় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ৭ জানুয়ারি বুধবার কাঁঠালতলা মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক জনাব মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) এবং খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের অন্যান্য কর্মকর্তারা।

টুর্নামেন্টে বাগেরহাট জেলা পুলিশ, ভৈরব, কাঁঠালতলা, বুড়িগাংনী, তেরখাদা, মোরেলগঞ্জ, কার্তিকদিয়া ও কাড়াপাড়া—এই মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় মোল্লাহাট বুড়িগাংনী দল তেরখাদা দলকে ৩-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়ন দলকে নগদ ২০,০০০ টাকা ও ট্রফি এবং রানারআপ দলকে নগদ ১৫,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।

এছাড়া খেলার উদ্বোধনী অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. মিজানুর রহমান সকল খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের মাদকবিরোধী শপথ পাঠ করান।