খর্ণিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ কফ সিরাপসহ যুবক আটক
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার অভিযানে ৪০ বোতল আমদানি নিষিদ্ধ কোডিন ফসফেট ও ট্রিপোলিডিন হাইড্রোক্লোরাইড সমৃদ্ধ WIN CEREX কফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে
জানান, ৭ জানুয়ারি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে খর্ণিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মন্ডলের নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মাদ্রাসার পাশে খুলনা–সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল থামানো হয়। এ সময় চালকের ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়।
আটক যুবক মোঃ তৌফিক (১৯), পিতা শফিকুল, বাড়ি কদমতলা, সাতক্ষীরা সদর থানার বাসিন্দা।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।