যশোরে বিএনপি নেতা হত্যার মূল শুটার গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলার মূল শুটার ত্রিদিব চক্রবর্তী মিশুককে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ৭ জানুয়ারি সন্ধ্যায় বেজপাড়া মন্দির সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
৮ জানুয়ারি আদালতে সোপর্দ হলে ত্রিদিব হত্যার দায় স্বীকার করেন। আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ত্রিদিবের অবস্থান শনাক্ত করা হয়। জবানবন্দিতে তিনি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পরশ ও তার সহযোগী সাগরকে উল্লেখ করেছেন।
হত্যাকাণ্ডটি ঘটে ৩ জানুয়ারি রাতে, যখন দুর্বৃত্তরা প্রকাশ্যে মোটরসাইকেল থেকে আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে। নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ, সাগরসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।