সংবাদ শিরোনাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন   |   খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ’২১ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২১ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশে তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। শিক্ষাজীবন শেষ হলেও অ্যালামনাই হিসেবে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এগিয়ে যেতে হবে এবং কর্মজীবনে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান শিক্ষার্থীদের বিশ্ব দরবারে বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি এবং দেশের উন্নয়নে নিজ অবদান রাখার প্রত্যাশা প্রকাশ করেন। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাতও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।


সভায় বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি আয়োজক কমিটির সভাপতি মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

শিক্ষা সমাপনী উৎসবের সমাপনী ও কনসার্ট শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। কনসার্টের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন।