সংবাদ শিরোনাম

যশোরে পেনশন ফাইল নিয়ে ঘুষ লেনদেন, শিক্ষা কর্মকর্তা আটক

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন   |   খুলনা

যশোরে পেনশন ফাইল নিয়ে ঘুষ লেনদেন, শিক্ষা কর্মকর্তা আটক

খুলনা ব্যুরো :

অনুমোদনের প্রলোভনে ঘুষ গ্রহণের অভিযোগে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সন্ধ্যায় তাকে এক লাখ ২০ হাজার টাকা ঘুষসহ গ্রেপ্তার করা হয়।

দুদক ও অভিযোগকারী সূত্রে জানা যায়, বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবীর মৃত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য ওই কর্মকর্তা ঘুষ দাবি করেন। শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এবং গত বছরের ২৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

অভিযোগের ভিত্তিতে নুরুন্নবী বিষয়টি দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়কে অবহিত করেন। এরপর দুদক প্রধান কার্যালয়ের অনুমোদনে বুধবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ফাঁদ পাতে সংস্থাটি। ঘুষের টাকা গ্রহণের মুহূর্তে দুদকের সদস্যরা আশরাফুল আলমকে আটক করেন।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।