সংবাদ শিরোনাম

খুলনা সহ সারাদেশে তীব্র হচ্ছে শৈত্যপ্রবাহ

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনা সহ সারাদেশে তীব্র হচ্ছে শৈত্যপ্রবাহ

খুলনা ব্যুরো:

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিনে আরও তীব্র হতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের আশঙ্কা, বৃহস্পতিবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকেই শৈত্যপ্রবাহের প্রভাব বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, আগামী শনিবার ও রোববার তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তখন এসব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

৭ জানুয়ারি বুধবার সকাল ৬টায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ পলাশ জানান, বুধবার সকাল পর্যন্ত দেশের ৮টি বিভাগের মধ্যে অন্তত ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে। পরিস্থিতির কারণে বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।