রানা প্রতাপ বৈরাগী: ব্যবসা ও বিতর্কে দুই পরিচয়
মাসুদ কল হাসান, খুলনা ব্যুরো :
যশোরের কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা রানা প্রতাপ বৈরাগী পেশায় একজন ব্যবসায়ী। মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে তাঁর একটি বরফ তৈরির কারখানা এবং কাঁটাখালি বাজারে একটি মৎস্য আড়ত রয়েছে।
রানা প্রতাপ বৈরাগী স্কুলশিক্ষক তুষার কান্তি বৈরাগীর বড় ছেলে। এক ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি জ্যেষ্ঠ। পারিবারিকভাবে শিক্ষিত পরিবেশে বেড়ে উঠলেও তাঁর জীবনকে ঘিরে নানা সময় আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত এবং রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, যুবক বয়সে রানা প্রতাপ বৈরাগী একসময় চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পুরোনো সংবাদ প্রতিবেদনেও তাঁর বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের উল্লেখ পাওয়া যায় বলে দাবি করেন স্থানীয়রা।
পরবর্তীতে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় তিনি ব্যবসার পাশাপাশি গণমাধ্যমে যুক্ত হওয়ার উদ্যোগ নেন। স্থানীয় লিটন দত্তের সঙ্গে তিনি ‘দৈনিক বিডি খবর’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটিতে তাঁকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে পরিচয় দেওয়া হতো। তবে পত্রিকাটি বর্তমানে বন্ধ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মনিরামপুর থানায় তাঁর নামে কোনো মামলা নেই। তবে কেশবপুর থানায় একটি এবং অভয়নগর থানায় হত্যা ও ধর্ষণের দুটি মামলায় তাঁর নাম রয়েছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন।
সব মিলিয়ে রানা প্রতাপ বৈরাগীর জীবন ব্যবসা ও বিতর্ক—এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা।