সংবাদ শিরোনাম

ট্রমায় সুন্দরবনের বাঘ উদ্ধারের পরও খাবার মুখে দিচ্ছে না

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন   |   খুলনা

ট্রমায় সুন্দরবনের বাঘ উদ্ধারের পরও খাবার মুখে দিচ্ছে না

[মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

সুন্দরবন থেকে উদ্ধার হওয়া একটি পূর্ণবয়স্ক স্ত্রী বাঘ এখনও আশঙ্কামুক্ত নয়। ফাঁদে আটকে কয়েকদিন অভুক্ত থাকার কারণে শারীরিক দুর্বলতার পাশাপাশি গভীর ট্রমায় ভুগছে প্রাণীটি। উদ্ধার হওয়ার পর সোমবার (৫ জানুয়ারি) দুপুর পর্যন্ত বাঘটি কোনো খাবার গ্রহণ করেনি; শুধু স্যালাইন মিশ্রিত পানি পান করছে।

বন বিভাগ জানায়, হরিণ শিকারের জন্য পাতা ধারালো ফাঁদে আটকে প্রায় ৪–৫ দিন বাঘটি বন্দি ছিল বলে ধারণা করা হচ্ছে। ফাঁদের কারণে বাঘটির সামনের বাম পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে। দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকায় সেখানে ঘায়ের মতো অবস্থা দেখা দিয়েছে।

চিকিৎসকরা ক্ষতস্থানে জীবাণুনাশক স্প্রে দিয়েছেন, তবে সংক্রমণের ঝুঁকি থাকায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোববার দুপুরে সুন্দরবনের ভেতর থেকে বাঘটিকে উদ্ধার করে ট্রানকুইলাইজার গান ব্যবহার করে খুলনায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে আনা হয়। সন্ধ্যায় তার জ্ঞান ফিরলেও সে খাবারের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। প্রথমে আস্ত মুরগি, পরে কেটে দেওয়া হলেও তা মুখে দেয়নি। পরে গরুর কলিজা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল জানান, দীর্ঘ সময় বন্দি থাকার কারণে বাঘটি মানসিকভাবে বিপর্যস্ত। মানুষের উপস্থিতিতে আতঙ্ক তৈরি হতে পারে—এই আশঙ্কায় খাঁচা ঢেকে রাখা হয়েছে এবং কেন্দ্রের ভেতরে সাধারণ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বর্তমানে গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইমের তত্ত্বাবধানে বাঘটির চিকিৎসা চলছে। বন কর্মকর্তারা জানান, বাঘটির শারীরিক অবস্থা ও খাবার গ্রহণের ওপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।