সংবাদ শিরোনাম

কুয়েটে ১৪ ও ১৫ তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে ১৪ ও ১৫ তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ১৪তম ও ১৫তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য ‘চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি’ শীর্ষক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দক্ষ ও সুশৃঙ্খল জনবলই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। চাকুরীর বিধিবিধান ও সঠিক আচরণবিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নূর কুতুবুল আলম।

দিনব্যাপী এ প্রশিক্ষণে দুটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে চাকুরীবিধি, আচরণ ও শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে আলোচনা উপস্থাপন করেন কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা। দ্বিতীয় অধিবেশনে সময়ানুবর্তিতা, ছুটির বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ে আলোকপাত করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ তম গ্রেডভুক্ত কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।