যশোর বিএনপি কার্যালয়ে ভাঙ্গচুর মামলায় দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
খুলনা ব্যুরো :
যশোর জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং তার সহযোগী মাসুদকে এক দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। ৬ জানুয়ারি মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা যশোর শহরের লালদীঘি পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার পর থেকেই টাক মিলন আত্মগোপনে ছিলেন। পরে ১৯ ডিসেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাকে ও তার সহযোগী মাসুদকে গ্রেপ্তার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। পরদিন তাদের আদালতে সোপর্দ করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত শুনানি শেষে প্রত্যেককে এক দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।