সুন্দরবনে পর্যটন নৌযানের ধর্মঘট অব্যাহত
খুলনা ব্যুরো :
সুন্দরবনের পর্যটন এলাকায় নৌযান মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে পর্যটক পরিবহন থমকে গেছে। গত দুই দিন ধরে প্রায় ৪ শতাধিক নৌযান (জালিবোট, লঞ্চ, ট্রলার, ডেনিস বোট) পর্যটক পরিবহন করছে না।
ধর্মঘটের কারণ হিসেবে মালিকরা জানিয়েছেন, নৌপরিবহন অধিদপ্তর (ডিজি শিপিং, খুলনা) হঠাৎ তাদের বোটে অভিযান চালিয়ে উপরের অংশ ভাঙচুর করেছে এবং কিছু মালামাল নিয়ে গেছে। এ ধরনের আচরণে তাদের ক্ষতি হয়েছে এবং পর্যটক পরিবহনে বাধা সৃষ্টি হয়েছে।
ধর্মঘটের কারণে সুন্দরবনে আসা প্রায় ১০ হাজার পর্যটক ফিরে গেছে। মালিকরা দাবি করছেন, পর্যটন মৌসুমে আয় করার সময় সীমিত, তাই ডিজি শিপিং-এর অতিরিক্ত শর্ত পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
বন বিভাগের কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পর্যটন মৌসুমে ধর্মঘটের কারণে সরকারী রাজস্ব ও স্থানীয় মানুষদের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে দ্রুত সমাধান প্রয়োজন।