সংবাদ শিরোনাম

বাগেরহাটে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

বাগেরহাটের যদুনাথ স্কুল এন্ড কলেজ মাঠে গত ৪ জানুয়ারি “মাদককে না বলুন” শপথের মাধ্যমে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ২৮টি দল অংশগ্রহণ করে।

গতকাল বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রাইজমানি বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদের সঞ্চালনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলা প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন মহোদয়ের পক্ষে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জনাব লাবন্য ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল এবং যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ঝিমি মন্ডল।

ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাগেরহাটের ফয়সল হাবিব ও অয়ন জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মঈনুল ইসলাম ও সাবিত জুটি রানার্সআপ হন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব লাবন্য ইসলাম বলেন, বাগেরহাটের তরুণ প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন আরও বেশি করে করা প্রয়োজন।

স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে তরুণ সমাজকে সব ধরনের নেশা থেকে দূরে রাখতেই নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় এ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারি আট দল নিয়ে একটি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল বলেন, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়ে এ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে অধ্যক্ষ জনাব ঝিমি মন্ডল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই ছাত্রজীবনের সঠিক বিকাশ সম্ভব।