কুয়েটে শিল্প–শিক্ষা সমন্বয়ে দক্ষ গ্র্যাজুয়েট গড়ার আহ্বান -ভিসি
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ৫ জানুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে “স্ট্রেন্থেনিং ইন্ডাস্ট্রি–অ্যাকাডেমিয়া কোলাবোরেশন উইথ খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (কুয়েট)” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুয়েটের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি। শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুয়েট আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আসিফ এম. জামান। তিনি শিল্পখাতের চাহিদা, একাডেমিক পাঠ্যক্রমের বাস্তবায়নযোগ্যতা এবং যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া বিশেষ রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন একই প্রতিষ্ঠানের বিজনেস, এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার পরিচালক আলী রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নূর কুতুবুল আলম।
উদ্বোধনী অধিবেশন শেষে অনুষ্ঠিত কারিগরি সেশনগুলোতে শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সিভিল ইঞ্জিনিয়ারিং, বিইসিএম, ইউআরপি, আর্কিটেকচার এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) বিভাগের শিক্ষকবৃন্দ, স্নাতকোত্তর শিক্ষার্থী ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।