ঝিনাইদহে বিএনপি প্রার্থীর কার্যালয় ঘিরে উত্তেজনা
খুলনা ব্যুরো :
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁনের ভাড়া নেওয়া কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য হুমকির অভিযোগ উঠেছে। দুই দিনের মধ্যে অফিস ছাড়তে বলা হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনাটি ঘটে গত ৩ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে। অভিযোগ অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক মোহাম্মদ বিল্লাল হোসেন ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি কার্যালয়ের ভবন মালিক মনিরুজ্জামান বাবলুর কাছে গিয়ে এ হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, রাশেদ খাঁন সম্প্রতি কালীগঞ্জ পৌর শহরের কোটচাঁদপুর সড়কের আরপাড়া টিভিএস শোরুমসংলগ্ন একটি ভবনে কার্যালয় ভাড়া নেন। সেখানে কয়েকদিন ধরে কার্যালয় সাজানোর কাজ চলছিল, তবে এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি।
ভবন মালিক মনিরুজ্জামান বাবলু বলেন, এটিকে হুমকি বলা ঠিক হবে না। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং বিল্লাল হোসেন কার্যালয় অন্যত্র নেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। যারা আপত্তি তুলছেন তারাও বিএনপির নেতা-কর্মী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়ন পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো অভিযোগ থাকলে দলীয় ফোরামে তা উত্থাপন করা উচিত। পারস্পরিক বিরোধ সুস্থ গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে দলটির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। এতে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।