সংবাদ শিরোনাম

অবশেষে অপহৃত ২ পর্যটক সহ রিসোর্ট মালিককে বানিয়াশান্তা থে‌কে উদ্ধার

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন   |   খুলনা

অবশেষে অপহৃত ২ পর্যটক সহ রিসোর্ট মালিককে বানিয়াশান্তা থে‌কে উদ্ধার

খুলনা ব্যুরো :

সুন্দরবনের খালে নৌভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৪ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের একটি রিসোর্টসংলগ্ন এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, উদ্ধার হওয়া তিনজন শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় সোমবার বিস্তারিত জানাতে প্রেসব্রিফিং করা হবে।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) নারী-পুরুষসহ চার পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। তাঁরা ঢাংমারী এলাকার একটি রিসোর্টে ওঠেন। পরে বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ নৌকায় করে বনের একটি ছোট খালে ভ্রমণে বের হলে সশস্ত্র দস্যুরা তাঁদের অপহরণ করে। রাতে দুই নারী পর্যটককে ছেড়ে দেওয়া হলেও রিসোর্ট পরিচালক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

ঘটনার পরপরই থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বন বিভাগ জানিয়েছে, অপহৃত পর্যটকেরা বন বিভাগের অনুমতি ছাড়াই সুন্দরবনে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট রিসোর্ট কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বন বিভাগ।