নদীতে ডুবে যাওয়া প্রাইভেটকার ও স্বর্ণালংকার উদ্ধার
খুলনা ব্যুরো :
খুলনার ফুলতলা উপজেলার ভৈরব নদে ডুবে যাওয়া একটি প্রাইভেটকার ২০ ভরি স্বর্ণসহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়।
গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ ১৬-১৭২৫। এটি গত শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুটমিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।
জানা গেছে, চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তা মইনুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে নতুন টয়োটা প্রিমিও ব্র্যান্ডের প্রাইভেটকারে খুলনা থেকে কেনাকাটা শেষে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। আমতলা খেয়াঘাট থেকে নৌকায় গাড়ি নিয়ে ভৈরব নদ পার হয়ে সিদ্ধিপাশা খেয়াঘাটে নামার সময় গাড়িটি নদীতে ডুবে যায়।
দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে প্রায় ২০ ভরি স্বর্ণসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরদিন শনিবার গাড়িটি উদ্ধারের জন্য মইনুল ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করেন। দুপুর ২টা থেকে শুরু করে বিকেল ৫টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় নদীর দুই পাড়ে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।