ব্রীজের রেলিং ভেঙে ট্রাক নদীতে নিহত ২
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ পুরাতন ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কুমার নদীতে পড়ে দুইজনের প্রাণহানি হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যশোর থেকে ডালবোঝাই ট্রাকটি পাবনার উদ্দেশে রওনা হয়েছিল। ব্রিজে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
রবিবার ভোরে ট্রাকের হেল্পার মুবারক হোসেন এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়। নিহত দু’জনই পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের বাসিন্দা।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।