সংবাদ শিরোনাম

সুন্দরবনে চোরা হরিণ শিকারীর পাতা ফাঁদে আটক বাঘ উদ্ধার

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন   |   খুলনা

সুন্দরবনে চোরা হরিণ শিকারীর পাতা ফাঁদে আটক বাঘ উদ্ধার

খুলনা ব্যুরো :

সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘকে উদ্ধার করেছে বনবিভাগের বিশেষজ্ঞ দল। ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘটিকে অচেতন করে উদ্ধার করা হয়। পরে খাঁচাবন্দী অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্র জানায়, উদ্ধার হওয়া বাঘটির সামনের বাম পা ফাঁদে আটকে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় চার থেকে পাঁচ দিন ধরে বাঘটি ফাঁদে আটকে ছিল। শনিবার দুপুরের পর বিষয়টি বনবিভাগের নজরে এলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাঘটি বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছে। তাৎক্ষণিকভাবে তার শরীরে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে চিকিৎসা শেষে বাঘটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মোংলার শরকির খাল এলাকা থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে বাঘ আটকে থাকার খবর পায় বনবিভাগ। রোববার দুপুরে ঢাকা থেকে ভেটেরিনারি সার্জনসহ একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী জানান, রোববার দুপুর আড়াইটার দিকে ট্রানকুইলাইজার প্রয়োগ করে বাঘটিকে অচেতন করা হয় এবং নিরাপদে উদ্ধার সম্ভব হয়।