সম্পত্তির লোভে জামাইয়ের হাতে শ্বশুর খুন
মাসুদ আল হাসান , খুলনা ব্যুরো :
যশোরে ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে তার নিজের জামাই বাসেদ আলী পরশসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
আটক অপর ব্যক্তি হলেন একই এলাকার আমিনুল ইসলাম সাগর। এ ঘটনায় কোতোয়ালি থানায় আটক দুজনসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আলমগীরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং মেয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই জামাই পরশ হত্যার পরিকল্পনা করেন। পাশাপাশি আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব কারণেই তারা পূর্বপরিকল্পিতভাবে হত্যার ছক কষে।
পুলিশ সুপার বলেন, আটকরা সরাসরি হত্যাকাণ্ডে অংশ না নিলেও ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যার সঙ্গে জড়িত আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে যাওয়ার সময় পাশ থেকে আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা আলমগীর হোসেনের মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে দুজনকে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।