খুলনায় ট্রাকচাপায় মোবাইল ব্যবসায়ী নিহত
খুলনা ব্যুরো :
খুলনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাবুল হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর জয়বাংলা মোড় সংলগ্ন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসাইন কয়রা উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওজিয়ার মোল্লার ছেলে। তিনি কয়রা উপজেলার মোমিন মার্কেটের ‘আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ স্ত্রী রেখে গেছেন।
দোকানের কর্মচারী সুজন জানান, বাবুল হোসাইন ঢাকার উদ্দেশ্যে খুলনা হয়ে যাত্রা করছিলেন। পথে জয়বাংলা মোড়স্থ বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।