সংবাদ শিরোনাম

মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক হেলপার নিহত

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন   |   খুলনা

মিরপুরে দুই  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক হেলপার নিহত

খুলনা ব্যুরো :

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকচালক ওবায়দুর রহমান (২৯)।

শনিবার (৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত হুসাইন ঝিনাইদহ জেলার সদর থানার কালীচরণপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে বালু আনতে কুষ্টিয়ার ভেড়ামারার দিকে যাওয়ার সময় একটি ট্রাক কদমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুসাইনের মৃত্যু হয় এবং চালক ওবায়দুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।