ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা
খুলনা ব্যুরো :
খুলনা-৪ আসন (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ এস এম জামশেদ খোন্দকার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউনুছ আহমদের আর কোনো আইনগত বাধা রইল না।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এবং রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দলীয় নেতারা জানান, আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী সাধারণ মানুষের কাছে পৌঁছাবেন। তারা আশা প্রকাশ করেন, ন্যায় ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে ভোটাররা তাকে সমর্থন জানাবেন।