সংবাদ শিরোনাম

যশোরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন   |   খুলনা

যশোরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত

খুলনা ব্যুরো :

যশোর শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেন (৫৩) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর পৌরসভার শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা। তিনি মৃত ইন্তাজ আলীর ছেলে। স্থানীয়দের মতে, তিনি দীর্ঘদিন ধরে জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেন মোটরসাইকেলে করে বটতলা এলাকা থেকে নিজ বাসার দিকে ফিরছিলেন। পথিমধ্যে হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত ব্যক্তিরা তাকে লক্ষ্য করে  গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, আলমগীর হোসেন ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি যশোর জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক বলেন, নিহতের মাথার দুই পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশনস) মমিনুল হক জানান, শংকরপুর এলাকায় এক বিএনপি নেতার নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।