সুন্দরবনে রিসোর্ট মালিকসহ ৩ পর্যটক অপহৃত
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
সুন্দরবনের অভ্যন্তরে নৌভ্রমণের সময় বনদস্যুদের হাতে অপহৃত হয়েছেন এক রিসোর্ট মালিকসহ তিন পর্যটক। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের আওতাধীন কেনুয়ার খালের মুখ থেকে শুক্রবার বিকেলে তাদের অপহরণ করা হয়। এ ঘটনায় এলাকায় নতুন করে দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, ২ জানুয়ারি শুক্রবার ঢাকা থেকে চারজন পর্যটক সুন্দরবন ভ্রমণে এসে ঢাংমারী এলাকার ‘গোলকানন’ রিসোর্টে ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড়সহ চার পর্যটক একটি বোটে করে পার্শ্ববর্তী কেনুয়ার খালে ঘুরতে যান। এ সময় একটি বনদস্যু দল বোটটি আটকিয়ে দুই নারীসহ মোট পাঁচজনকে অপহরণ করে গভীর বনে নিয়ে যায়।
ওই রাতেই দুই নারী পর্যটককে ছেড়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং দুই পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা। জিম্মিদের মুক্তির বিনিময়ে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছে পরিবার ও সংশ্লিষ্ট সূত্র। অপহৃত দুই পর্যটকের নাম মোঃ সোহেল ও মোঃ জনি, তারা দুজনই ঢাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড় বলেন, “আমার ভাই ও দুই পর্যটক এখনো দস্যুদের কবলে রয়েছে। বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে।”
এদিকে বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি অপহরণের খবর শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, একসময় সুন্দরবনে দস্যু দৌরাত্ম্য কমলেও সাম্প্রতিক এ ঘটনায় পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।