বাগেরহাটে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল
খুলনা ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং ভোটার তথ্যের গরমিলই বাতিলের প্রধান কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার, সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রার্থী ও তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি) আসনে ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে ঋণ খেলাপি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম এবং জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ারের মনোনয়নও বাতিল হয়।
এদিকে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে ঋণ খেলাপির অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী মোঃ হাসান ইমাম লিটুর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে ভোটার স্বাক্ষরের গরমিলের কারণে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়ন বাতিল হয়।
রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন জানান, নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা অনুসরণ করেই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ৫ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।