ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স–ভ্যান সংঘর্ষে নিহত ২ আহত ৩
খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়া উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মরদেহ নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়ক থেকে ছিটকে পড়ে এবং অ্যাম্বুলেন্সটি পাশের একটি বৈদ্যতিক খাম্বার সাথে ধাক্কা খায়।
দুর্ঘটনায় গুরুতর আহত কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা কালিপদ মন্ডলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ইলিয়াস সরদার মারা যান।
খর্নিয়া হাইওয়ে থানার ওসি নুরুজ্জামান চানু জানান, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।