সংবাদ শিরোনাম

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আহত র‌্যাবের সোর্স ফারুখ

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন   |   খুলনা

রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আহত র‌্যাবের সোর্স ফারুখ

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ফারুখ (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় ফারুখকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. ইব্রাহিম শেখ জানান, রাত পৌনে ১১টার দিকে দুর্বৃত্তরা ফারুখকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকাবাসী রাস্তায় বেরিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রাস্তার ওপর থেকে আহত অবস্থায় ফারুখকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, আহত ফারুখ র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন। তবে কে বা কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও কেউ তথ্য দিতে সহযোগিতা করছে না।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।