সংবাদ শিরোনাম

কেশবপুরে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন   |   খুলনা

কেশবপুরে সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

খুলনা ব্যুরো :

যশোরের কেশবপুর উপজেলায় শুক্রবার (২ জানুয়ারি) পৃথক দুটি ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় দুইজন এবং পুকুরের পানিতে ডুবে এক শিশুর প্রাণহানি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে যশোর–চুকনগর সড়কের মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ২ জন। আহতরা হলেন মধ্যকুল গ্রামের মৃত আলহাজ্ব নুর মোহাম্মদ সরদারের ছেলে ও ঘের ব্যবসায়ী ওয়ায়েস কুরুনী সরদার (৩৫) এবং একই গ্রামের ভ্যানচালক কুবাদ আলী (৬০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কুবাদ আলী মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে ওয়ায়েস কুরুনী সরদারও মারা যান।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে একই দিন দুপুরে কেশবপুরের মজিদপুর ইউনিয়নের গোলাঘাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে উমামা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের আসাদুজ্জামানের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।