স্কুল খোলা রাখায় প্রধান শিক্ষককে মাউশিতে হাজির হওয়ার নির্দেশ
খুলনা ব্যুরো :
খুলনার খালিশপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত শোকের দিনে বিদ্যালয় খোলা রাখায় বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে স্থানীয়রা বৃহস্পতিবার অবরুদ্ধ করে রাখে।
স্থানীয়রা জানান, সাধারণ ছুটির দিনে প্রধান শিক্ষক কিছু শিক্ষককে স্কুলে উপস্থিত থাকতে বাধ্য করেছিলেন। এই ঘটনায় অসন্তোষ তৈরি হয় এবং এক শিক্ষককে কান্নার সঙ্গে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে স্থানীয়রা প্রধান শিক্ষককে বাধ্যতামূলকভাবে বিদ্যালয়ে আটকায় এবং গণধোলাই দেয়।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান জানান, “১ জানুয়ারি স্কুলে বই বিতরণের কাজ ছিল। তাই কিছু শিক্ষককে নিয়ে বুধবার কয়েকটি কার্যক্রম করা হয়েছিল। এ কারণে স্থানীয়রা প্রধান শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
পরে জেলা ও আঞ্চলিক শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রধান শিক্ষককে আগামী ৪ জানুয়ারি ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।##