সিংগাইরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু
প্রতিদিনের দেশ রিপোর্ট :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ একটি চোর চক্র একটি ফাঁকা স্থানে স্থাপিত বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিল। এ সময় শিকল ও তালা কাটার মুহূর্তে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চক্রের এক সদস্য ঘটনাস্থলেই মারা যান।
ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে অন্য চোরেরা মৃতদেহটি কিছুটা দূরে সরিয়ে রেখে পালিয়ে যায়। শুক্রবার (২ জানুয়ারি) সকালে পথচারীদের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত হয়নি। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।#