সংবাদ শিরোনাম

ইসলামী আন্দোলনের আমীরের হলফনামায় বৈপরীত্যের ছবি

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন   |   খুলনা

ইসলামী আন্দোলনের আমীরের হলফনামায় বৈপরীত্যের ছবি

প্রতিদিনের দেশ রিপোর্ট :

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে জামায়াতে ইসলামীর জোটপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সম্পদ বিবরণীতে উঠে এসেছে ভিন্ন চিত্র। ব্যাংক হিসাবে তার জমা রয়েছে মাত্র এক হাজার ১৭৬ টাকা, অথচ তার স্ত্রীর মালিকানায় রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার।

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা অনুযায়ী, ফয়জুল করিম পেশায় শিক্ষকতা ও দাওয়াতের সঙ্গে যুক্ত। অন্যদিকে তার স্ত্রী গৃহিণীর পাশাপাশি ব্যবসায় জড়িত। অস্থাবর সম্পত্তির হিসাবে ফয়জুল করিমের হাতে নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ১২ হাজার টাকার বেশি। তবে স্ত্রীর কোনো ব্যাংক জমা দেখানো হয়নি। স্বর্ণালংকারগুলো উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও জানা যায়, ফয়জুল করিমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আয়ের উৎস হিসেবে তিনি শিক্ষকতা, মাহফিল ও অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বছরে মোট ১৪ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন।

স্থাবর সম্পদের বিবরণীতে তার নামে উল্লেখ করা হয়েছে বিপুল পরিমাণ কৃষিজমি ও অকৃষিজমি। পাশাপাশি পৈতৃক সূত্রে প্রাপ্ত দোকান ও অ্যাপার্টমেন্টের তথ্যও রয়েছে, যার বর্তমান বাজারমূল্য তিন কোটির বেশি। এছাড়া তার কাছে একটি আগ্নেয়াস্ত্র থাকার কথাও হলফনামায় উল্লেখ আছে।

আয়কর নথি অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে ফয়জুল করিম প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ দেখিয়ে আয়কর দিয়েছেন ৯৬ হাজার টাকা। একই সময়ে তার স্ত্রী ৩২ লাখ টাকার বেশি সম্পদের বিপরীতে ১৫ হাজার টাকা কর পরিশোধ করেছেন।