খুলনা-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
খুলনা ব্যুরো :
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ার কারণে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। এতে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৩০ ডিসেম্বর এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তিনজনের মনোনয়ন বাতিল করেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (প্রস্তাবকারী ভিন্ন এলাকার ভোটার), স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (স্বাক্ষর জালিয়াতির অভিযোগে)।
বৈধ ঘোষিত ১০ প্রার্থী হলেন—ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায় এবং ইসলামী ফ্রন্টের মো. জাহাঙ্গীর হোসেন।