সংবাদ শিরোনাম

কুয়েট ভিসির সঙ্গে নবনির্বাচিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন   |   খুলনা

কুয়েট ভিসির সঙ্গে নবনির্বাচিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ২০২৬ টার্মের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মঈনুল হক ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ভাইস-চ্যান্সেলর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে কুয়েটকে আধুনিক ও গবেষণামুখী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে অফিসার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।