সংবাদ শিরোনাম

শোক দিবসে নির্বাহী আদেশ অমান্য, খুলনা ওয়াসায় বিক্ষোভ

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   খুলনা

শোক দিবসে নির্বাহী আদেশ অমান্য, খুলনা ওয়াসায় বিক্ষোভ

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

সারা দেশে সরকারি ছুটি ও রাষ্ট্রীয় শোক দিবস পালনের মধ্যে নির্বাহী আদেশ উপেক্ষা করে অফিস করার অভিযোগ উঠেছে খুলনা ওয়াসার ডিএমডি (অর্থ ও প্রশাসন) ঝুমুর বালার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বুধবার দুপুরে ঝুমুর বালাসহ শোকের দিনে অফিস করা ও ভুরিভোজে অংশ নেওয়া কর্মকর্তাদের অপসারণের দাবিতে ওয়াসা গেটের সামনে বিক্ষোভ করেন কর্মচারীরা। কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফফার জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার ছিল শোকের সঙ্গে সাধারণ ছুটি। গোটা দেশ যখন শোকে স্তব্ধ, তখন ঝুমুর বালার নেতৃত্বে একদল কর্মকর্তা-কর্মচারী খুলনা ওয়াসায় অফিস করেন।

তিনি অভিযোগ করেন, ওই দিন ওয়াসা ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, কেউ কালো ব্যাজও ধারণ করেননি। বেলা ১১টার দিকে গণমাধ্যমকর্মীরা বিষয়টি জানতে ভবনে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন। এ সময় এক সাংবাদিককে একটি কক্ষে আটকে রেখে ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে।

ওয়াসার বিভিন্ন সূত্র জানায়, সম্প্রতি জনবল নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির আওতায় পছন্দের প্রার্থীদের অগ্রাধিকার দিতে এমডির নির্দেশে গোপনে কাজ সম্পন্ন করতেই সাধারণ ছুটির দিনে অফিস করা হয়। এ সময় একটি অভিজাত হোটেল থেকে আনা ৩৫ প্যাকেট খাবারের মাধ্যমে কর্মকর্তাদের ভুরিভোজের আয়োজন করা হয়।

এছাড়া আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমকে খুলনা ওয়াসায় এনে পিডি নিয়োগসংক্রান্ত জনবল ফাইল ছাড় করানো হয়েছে বলেও অভিযোগ ওঠে। এতে ২২ হাজার ৫৯৮ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে সিবিএ সভাপতি মোহাম্মদ, সিবিএ নেতা কবির হোসেন, রবিউল ইসলাম, দুলাল উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ বিষয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হবে বলে জানান ওয়াসা সচিব মাহেরা নাজনীন।