ইউপি সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো :
সন্ত্রাস, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামের বাসিন্দারা ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। ৩১ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাপলা খাতুন।
তিনি অভিযোগ করেন, আলী কদর দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ভূমি দখল, অবৈধ মাটি কাটা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সরকার পরিবর্তনের পরও একই কৌশলে তিনি আবার সক্রিয় হয়েছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ ডিসেম্বর ধানের জমি চাষের জন্য ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় শাপলা খাতুনের স্বামী আব্দুস সালামকে মারধর করা হয়। বাধা দিতে গেলে শাপলা খাতুন ও তার ভাইপো অমিত হাসানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় গ্রামবাসীদের অস্ত্র দেখিয়ে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, ঘটনার পর থানায় মামলা দায়ের করা হলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। বরং উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ সময় স্থানীয় গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন