রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি অমান্য করে খুলনা ওয়াসায় অফিস, সাংবাদিক অবরুদ্ধ
খুলনা ব্যুরো :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি উপেক্ষা করে খুলনা ওয়াসায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশ অমান্য করে অফিস খোলা রাখার পাশাপাশি দায়িত্ব পালনকালে এক সাংবাদিককে অবরুদ্ধ করে রাখার ঘটনাও সামনে এসেছে।
বুধবার সরকার কতৃক সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করলেও সকাল থেকে খুলনা ওয়াসা ভবনে স্বাভাবিক কর্মদিবসের মতোই কার্যক্রম চলতে দেখা যায়। অভিযোগ রয়েছে, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ঝুমুর বালার নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে বাধ্য করা হয়।
সাধারণ ছুটির দিনে কেন অফিস চালু রাখা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ডিএমডি ঝুমুর বালা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি শুধু ‘পেন্ডিং কাজ’-এর কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সরকারি প্রজ্ঞাপনে জরুরি সেবা ব্যতীত সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ থাকলেও বিপুল জনবল নিয়ে অফিস পরিচালনার কোনো যুক্তিসংগত কারণ দেখানো হয়নি।
এ বিষয়ে তথ্য জানতে গেলে একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো রিপোর্টার রাজু আহম্মেদকে ওয়াসা ভবনের ভেতরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ ওঠে। পরে অন্যান্য গণমাধ্যমকর্মীরা সেখানে পৌঁছালে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ডিএমডি ঝুমুর বালা গাড়িতে করে স্থান ত্যাগ করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নির্দেশেই তারা ছুটির দিনেও অফিসে যোগ দিতে বাধ্য হয়েছেন। রাষ্ট্রীয় শোকের দিনে সরকারি আদেশ অমান্য এবং সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণে স্থানীয় সচেতন মহল ও পেশাজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।