অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়–এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হাম্মাদিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (তারিখ) রাজধানীর চানখারপুলে অবস্থিত চান কমিউনিটি সেন্টারে বর্তমান কার্যকরী কমিটির তত্ত্বাবধানে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের নির্বাচিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ১৯৮৫ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ গুড্ডু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সাইফুল।
উল্লেখ্য, পুরান ঢাকার আদি ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি বর্তমানে নয়াবাজার সরকারি শ্রমজীবী হাসপাতালের পাশে অবস্থিত। এক সময় হাসপাতালের জায়গাটি বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল ৮০'র দশকের শিক্ষার্থীদের কাছে ।
প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়টি শুধুমাত্র ছেলে শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে পরিচালিত হতো এবং ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো। শিক্ষার্থীদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও আরবি শিক্ষা বাধ্যতামূলক ছিল। সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটে বিদ্যালয়ে ছাত্রী ও নারী শিক্ষিকাও নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৭২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী প্রয়াত সিদ্দিকুর রহমান ২০১০ সালে প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থীকে নিয়ে হাম্মাদিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৭০০ জন।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে পুনর্মিলনী, সংকলন প্রকাশ, ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি আয়োজন করে আসছে। এসব আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের ছাত্রজীবনের স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।উপস্থিত ছিলেন হাজী সাইফুল ইসলাম , তাইম আহমেদ , সিরাজুল ইসলাম টিটু ,জাভেদ হাকিম,সিরাজউদ্দিন মুন্না
আসিফুর রহমান বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।