শিবগঞ্জ সীমান্তে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে বিজিবি। আটক মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার-১৮৫ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় চোরাই মোবাইল ফোন ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারিকে আটক করা হয়।
আটকরা হলেন—শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের সানাউল্লাহ (২৮), হারুন-অর-রশিদ (১৯) ও ইয়াসিন আলী (১৯)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।